গ্রামপুলিশদের সুযোগ-সুবিধা ও প্রণোদনা বাড়াতে উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, গ্রামপুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার। রাজধানী থেকে প্রধানমন্ত্রী যদি প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চান, তার মাধ্যম হচ্ছেন গ্রামপুলিশ। সেই অর্থে গ্রামপুলিশ হচ্ছেন তৃণমূল পর্যায়ের সরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ৬৪ জন গ্রামপুলিশদের মধ্যে বাইসাইকেল, পোশাক ও গ্রামপুলিশদের স্ত্রীদের জন্য শাড়ি বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রামপুলিশদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, আইনশৃঙ্খলার প্রাথমিক গুরুত্বপূর্ণ কাজে আমরা গ্রামপুলিশকে ব্যবহার করে থাকি। এই জনবলকে যদি পরিকল্পিতভাবে কাজে লাগানো যায়, তাহলে আমাদের জনগণকে সেবা দিতে আরও সহজ হবে। এই চিন্তা থেকেই তাদেরকে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে পোশাক, জুতা ও সাইকেল দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী এই বিশাল গ্রামপুলিশ বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। গ্রামপুলিশদের দাবি সম্পর্কিত বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান খোকন প্রমুখ।
একইদিন দুপুরে উপজেলা অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং গৌরনদী বাসস্ট্যান্ডস্থ একটি রেস্তোরাঁয় সরকারি গৌরনদী কলেজ ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।